ডেস্ক রিপোর্টার, ২০ এপ্রিল।।
“রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো ভাবেই ছাড়া হবে না। সেই তিপ্রামথা, বিজেপি,সিপিআইএম, কংগ্রেস যেই হোক না কেন? তাদের আইনের শাসনের মধ্যে আনতে হবে।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার রাতে মুখ্যমন্ত্রী শহরের ভগৎ সিং যুব আবাসে আক্রান্ত দলীয় কর্মী – সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেছেন।
গত ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গণনার পর থেকেই তপ্ত রাজ্যের পাহাড়। প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার গুণ্ডারা ধারাবাহিক ভাবে হামলা করছে বিজেপির কর্মী – সমর্থকদের উপর। ভাজপার কর্মীদের পাল্টা প্রতিরোধ করার ক্ষমতা নেই। বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ মারধর সবই চলছে নিয়ম করে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের আক্রান্ত বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছে শহরের ভগৎ সিং যুব আবাসে।
এদিন রাতে মুখ্যমন্ত্রী বাংলা থেকে নির্বাচনী প্রচার সেরে আগরতলায় এসেই সরাসরি চলে যান ভগৎ সিং যুব আবাসে। তিনি কথা বলেন আক্রান্ত লোকজনের সঙ্গে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বিজেপি সন্ত্রাসে বিশ্বাসী নয়। রাজ্যের পাহাড়ে যা, চলছে তা ভাবেই ভালো নয়। প্রত্যেক অভিযুক্তকে আইনের শাসনের মধ্যে এন বিচার করা হবে। বিজেপির কর্মী হলেও ছাড় নেই।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি নির্বাচন শেষ হলেও রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু হয়। ২১- র এডিসি ভোটের পরেও একই অবস্থা হয়েছিল। আগে সিপিআইএম, কংগ্রেস করেছিল। এখন মথা শুরু করেছে।

