ডেস্ক রিপোর্টার,১০ সেপ্টেম্বর।।
টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়ালো ব্লাড মাউথ ক্লাব। পারভেজ ভূঁইয়ার জোড়া গোলে। পরাজিত করলো নাইন বুলেটস ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথ ক্লাব জয়লাভ করে ২-১ গোলে। শেষ দুই ম্যাচে পরাজিত হওয়ার ফলে ফুটবলাররা যে চাপে ছিলেন এদিন কমলা কালো দলের খেলা দেখে তো স্পষ্ট। তবে এই দিনের জয় কিছুটা হলেও মানসিক শক্তি জোগাবে ব্লাড মাউথ ক্লাবকে। লড়াকু নাইন বুলেটস ক্লাব এদিন শুরুতে কাগজে-কলমে শক্তিশালী ব্লাড মাউথ ক্লাবকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু বুলেটসের আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় এগিয়ে যেতে পারেননি। ২১ মিনিটে পারভেজ ভূঁইয়ার গোলে এগিয়ে যায় ব্লাড মাউথ ক্লাব। গোলপাতেই দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেন দলীয় ফুটবলাররা। ২৮ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন পারভেজ। বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়াই শুরু করেন সাদা লাল দলের ফুটবলাররা। খেলতে থাকেন অলআউট ফুটবল। ৬২ মিনিটে কে এইচ সিং গোল করে ব্যবধান কমান। গোল পেতে সমতা ফেরানোর লক্ষ্যে শুরু হয় ক্রমাগত আক্রমণ। কিন্তু একটি বারের বেশি ব্লাড মাউথ এর গোলরক্ষককে বোকা বানাতে পারেননি। পরিচালনা করেন তাপস দেবনাথ। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পারভেজ ভূঁইয়া।

