ডেস্ক রিপোর্টার, ১৩ নভেম্বর।।
      ভোট বাঁচাও ইস্যুতে বাম ও কংগ্রেসের এক ছাতার তলায় আসায় আশা জেগেছিল দুই দলেরই তৃণমূল স্তরের কর্মী-সমর্থকদের মধ্যে। স্থানীয় স্তরের রাজনৈতিক বাস্তবতায় জোটের প্রয়োজনীয়তা থাকলেও, শেষ পর্যন্ত সেই আশায় গুঁড়ে বালি। অভিযোগের তীর মূলত দুই দলেরই শীর্ষ নেতৃত্বের দিকে—তাদের নিজ নিজ রাজনৈতিক সমীকরণ ও আসন দরকষাকষির অঙ্ক না মেলাতেই থমকে গেল জোট প্রক্রিয়া।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই নির্বাচনে বাম-কংগ্রেস ঐক্যবদ্ধভাবে ময়দানে নামলে শাসক দল বিজেপিকে হয়ত চ্যালেঞ্জের মুখে ফেলা সম্ভব হতো। কিন্তু এখন পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে ভোট কাটাকাটির লাভ সরাসরি ঘরে তুলতে পারে গেরুয়া শিবির। বিরোধী ভোট বিভক্ত হওয়ার কারণে পুর নির্বাচনের দৌড়ে বিজেপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গেল, অন্যদিকে বাম ও কংগ্রেসকে লড়াই করতে হতে পারে মূলত দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য।
       রাজনৈতিক মহলের একাংশ এই পুর নির্বাচনকে ২০২৮ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছেন। সেই নিরিখে, নির্বাচনের আগেই মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল বাম-কংগ্রেস শিবির। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না এবং সমীকরণ সময়ের সাথে বদলাতেও পারে, তবুও এবারের পুর নির্বাচনী যুদ্ধে বিরোধী জোট ভেস্তে যাওয়ায় শাসক দল বিজেপি যে বিধানসভার লড়াইয়েও এক ধাপ এগিয়ে যাত্রা শুরু করল, তা নিশ্চিতভাবেই বলা যায়।
            
   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *