ডেস্ক রিপোর্টার, ১১ সেপ্টেম্বর।।
        ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে শুক্রবার সারা দেশজুড়ে ২৪ ঘণ্টার প্রতীকী ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। প্রায় ৬০টি সংগঠন এতে শামিল হওয়ায় দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি আগরতলাতেও ব্যাংক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
      আগরতলার মেলারমাঠস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ব্যাংক কর্মীরা। আন্দোলন চলাকালীন ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ-এর রাজ্য নেতা দেবাশীষ ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে জানান, ‘ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে ‘ফাইভ ডে ব্যাংকিং’ চালুর চুক্তি সত্ত্বেও কেন্দ্র সরকার তা কার্যকর করছে না। গত জানুয়ারি মাসে আন্দোলনের পর মার্চে আলোচনার আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।
    পাশাপাশি, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা PLI বন্টনে চরম বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে। মেসেঞ্জার থেকে স্কেল-৩ স্তরের কর্মী-আধিকারিকদের মাত্র ১৫ দিনের PLI দেওয়া হলেও, স্কেল-৪ থেকে স্কেল-৭ পর্যন্ত উচ্চপদস্থ ম্যানেজমেন্টকে ৩৬৫ দিনের PLI দেওয়া হচ্ছে। দাবি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে ৩ দিনের ধর্মঘট এবং ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী নেতারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *