ডেস্ক রিপোর্টার, ২২ জুলাই ।।
    প্রদেশ বিজেপির নতুন কমিটির সদস্য – সদস্যাদের নিয়ে ম্যারাথন বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই বৈঠকে ছিলেন বিজেপির সাতটি মোর্চার সভাপতিরাও। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু ও প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। বুধবার প্রদেশ বিজেপির সদর দফতর কুশাভাউ ভবন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নয়া কমিটিকে নিয়ে এটাই মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক।
      অনুষ্ঠিত বৈঠকে পরিচিতি পর্বের পর আসন্ন পুর নির্বাচন নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই ভাবেই নব গঠিত কমিটির সদস্যদের মুখ থেকে আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য পুর সভাগুলির সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করেন। তাদের কাজ থেকে একটা প্রাথমিক ধারণা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি। আলোচনায় উঠে আসে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনের বিষয়ও।
     মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর সমাজ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেন। তিনি লিখেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সংগঠন আগামী দিনে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে উঠবে এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *