ডেস্ক রিপোর্টার, ২৭ মে।।
আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা বার অ্যাসোসিয়েশনের বহু প্রতীক্ষিত নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী পারদ চড়তে শুরু করেছে আদালত চত্বরে। যুযুধান দুই প্রধান শিবির— ‘সংবিধান বাঁচাও মঞ্চ’ এবং ‘আইনজীবী উন্নয়ন মঞ্চ’-এর মধ্যে লড়াই ঘিরে সরগরম আগরতলার আইনজীবী মহল।
আইনজীবীদের মর্যাদার লড়াই। আগরতলা বার অ্যাসোসিয়েশনের দখল নিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে দুই প্রধান শিবির।১৩ জুন এই ঐতিহ্যবাহী বার অ্যাসোসিয়েশনের মেগা ফাইট। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি।বর্তমানে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। খবর, আগামী ২৯ মে পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে পারবেন।
মোট ১৫টি আসনের জন্য লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন দুই শিবিরের মনোনীত প্রার্থীরা। সভাপতি এবং সম্পাদক পদসহ কার্যনির্বাহী কমিটির প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। তবে শুধু এই দুই প্রধান মঞ্চই নয়, রাজনৈতিক সমীকরণকে আরও কিছুটা জটিল করে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নির্দল প্রার্থীরাও। ফলে ভোট ভাগাভাগির অঙ্কও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

