কমলপুর ডেস্ক, ১৪ জুন।।
২০৮ নং জাতীয় সড়কের চরম বেহাল দশা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কমলপুর মহকুমার মানিকভান্ডার বাজার। রবিবার সকালে সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয়।
একই দিনে বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার ৯৯তম জন্ম দিবস উপলক্ষে সি পি আই (এম) মানিকভান্ডার পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপরই মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতি-উপজাতি অংশের বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়।মিছিলটি মানিকভান্ডার বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে দক্ষিণ মানিকভান্ডার বাজারের জাতীয় সড়কের চৌমুহনীতে এসে পৌঁছায় এবং চারদিকের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।বিক্ষোভ সমাবেশ শেষে জেলা কমিটির সদস্য বদরভোম হালামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সি পি আই (এম) ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস। এছাড়াও বক্তব্য রাখেন কমলপুর মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য রনবিজয় দত্ত, বীরলাল দেববর্মা এবং হিমাদ্রি দত্ত।
বাম নেতৃত্বের বক্তব্য, একদিকে ভয়াবহ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অগণতান্ত্রিক কার্যকলাপ ও দারিদ্র্যে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর এই পরিকাঠামোগত বিপর্যয় জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে আগামী দিনে আন্দোলনই একমাত্র পথ।সেইসাথে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় বাম নেতৃত্বরা।

