জেলার জেলা শাসক ডা: বিশাল কুমার জানান, পরীক্ষা কেন্দ্রগুলোর সুরক্ষায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ মোতায়েন থাকবে।তিনি আরও নিশ্চিত করেছেন যে, পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্ত সুরক্ষিত এবং গোপন স্থানে সংরক্ষণ করা হয়েছে, যাতে কোনো ধরনের জালিয়াতি বা ফাঁসের অবকাশ না থাকে।
ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
আগামী ২১ জুন দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা NEET UG পরীক্ষা। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি রাজ্যেও এই পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার রাজ্যের মোট ১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্যের ১০টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪,৫০০ জন।অন্যদিকে ধলাই জেলায় ১টি কেন্দ্র।যেখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 300।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা: বিশাল কুমার জানান, পরীক্ষা কেন্দ্রগুলোর সুরক্ষায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ মোতায়েন থাকবে।তিনি আরও নিশ্চিত করেছেন যে, পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্ত সুরক্ষিত এবং গোপন স্থানে সংরক্ষণ করা হয়েছে, যাতে কোনো ধরনের জালিয়াতি বা ফাঁসের অবকাশ না থাকে।
সেইসাথে জেলা শাসক পরীক্ষার্থীদের সময়ানুবর্তিতার ওপর বিশেষ জোর দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর কোনো পরীক্ষার্থীকেই আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।
এদিনের সাংবাদিক বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: বিশাল কুমার ছাড়াও উপস্থিত ছিলেন নিট পরীক্ষার সিটি কো-অর্ডিনেটর ধর্মেন্দ্র মিশ্র, আরপিএফ’র কমান্ডেন্ট সহ অন্যান্য পদস্থ উচ্চপদস্থ আধিকারিকরা।

