ডেস্ক রিপোর্টার,১০ সেপ্টেম্বর।।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সরগরম তুঙ্গে। ভোটযুদ্ধের প্রাক মুহূর্তে আসন ভাগাভাগির জট কাটাতে দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে বসলো শাসক দল বিজেপি এবং জোটসঙ্গী তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দুই দলের মূল লক্ষ্য নির্বাচনী লড়াইয়ে একক ও সর্বসম্মত সমঝোতায় পৌঁছানো।
এই হাই-ভোল্টেজ বৈঠকে বিজেপি প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং।অন্যদিকে তিপ্রা মথা প্রতিনিধি দলে রয়েছেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এডিসির সিইএম, বিধায়ক বিশ্বজিৎ কলই সহ এডিসির একাধিক ইএম ও দলের শীর্ষ নেতৃত্ব।
এদিন বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেছেন, দলের যেসব প্রার্থী বা কর্মী ক্ষোভ থেকে নমিনেশন জমা দিয়েছিলেন, আগামীকালের মধ্যে সেই সব বিক্ষুব্ধরা নমিনেশন প্রত্যাহার করে নেবেন।
মথার নেতৃত্ব রঞ্জিত দেববর্মার এই বক্তব্যেই স্পষ্ট, জোটের ভেতরে যে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা রয়েছেন, তাদের ম্যানেজ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। আগামীকালই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে কী সিদ্ধান্ত আসে এবং জোটের চূড়ান্ত রূপরেখা কী দাঁড়ায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

