ডেস্ক রিপোর্টার, ১১ সেপ্টেম্বর।।
         বছরের পর বছর মাসের পর মাস খোয়াই শহরে উন্নয়ন যজ্ঞ অব্যাহত রয়েছে।কিন্তু এর বিপরীত দিকে কাজের নামে বরাত প্রাপ্ত কোম্পানির অবৈজ্ঞানিক কৃত কর্মের ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে।খোয়াই শহরে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণের জেরে অনিয়ন্ত্রিত ধুলা দূষণে নাকাল সাধারণ মানুষ। জিপ স্ট্যান্ড থেকে হাসপাতাল এবং কৃষ্ণমন্দির চৌমুহনী থেকে টিকিটিকি রোড কলেজ চৌমুহনী পর্যন্ত এলাকা বর্তমানে ধুলায় ধুসরিত। উন্নয়নমূলক কাজকে স্বাগত জানালেও, কাজের সময় ন্যূনতম পরিবেশবিধি না মানায় ক্ষোভ বাড়ছে পথচারী, ব্যবসায়ী ও রোগীদের মধ্যে।রাস্তার ধারে মাটি খোঁড়া ও অনাবৃত নির্মাণসামগ্রী ফেলে রাখার ফলে সামান্য বাতাস বা গাড়ি গেলেই চারদিক ধুলোময় হয়ে উঠছে। এতে চোখে জ্বালা, শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন শিশু, বয়স্ক ও নিত্যযাত্রীরা। বিশেষ করে হাসপাতালমুখী রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
    স্থানীয়দের প্রশ্ন—নির্মাণস্থলে নিয়মিত জল ছিটানো ও সুরক্ষা বেষ্টনী ব্যবহারের দায়িত্ব কার? এই আশঙ্কাজনক পরিস্থিতির দায় কি খোয়াই পৌর পরিষদ নেবে, নাকি ঠিকাদার সংস্থাকে কাঠগড়ায় তোলা হবে? প্রশাসনের তদারকি নিয়েও উঠছে প্রশ্ন।উন্নয়ন জরুরি, তবে জনস্বাস্থ্য বিঘ্নিত করে নয়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিয়মিত জল ছিটানো, রাস্তা পরিষ্কার রাখা এবং ধুলা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দায় স্বীকার করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা সকলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *