ডেস্ক রিপোর্টার, ৬ জুন।।
      গ্রাহকদের কোনো আগাম আভাস না দিয়েই একধাক্কায় বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুতের মাশুল, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জ। আর সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদেই শুক্রবার সরব হলো ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন(টিইসিএ)
  এদিন বনমালীপুরের TSECL অফিসের সামনে জমায়েত হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন সংগঠনের সদস্য সহ সাধারণ গ্রাহকরা। বিক্ষোভকারীদের বক্তব্য বিদ্যুৎ পর্ষদের এই জনবিরোধী সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়িয়ে দেবে। অবিলম্বে এই মাশুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে।আর তা না হলে আগামীদিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে।
বিক্ষোভ প্রদর্শন শেষে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে দেখা করে। গ্রাহকদের ক্ষোভ ও দাবির কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে একটি স্মারকপত্রও জমা দেন তারা। এখন দেখার, এই প্রতিবাদের পর বিদ্যুৎ পর্ষদ তাদের সিদ্ধান্তে কোনো বদল আনে কি না।
       প্রসঙ্গত  ইউনিট প্রতি বিদ্যুৎমাসুল বৃদ্ধি পেয়েছে ১৫ পয়সা। অপরদিকে বিদ্যুতের মাশুল, ফিক্সড চার্জ এবং ডিউটি চার্জ একলাফে  প্রায় পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ।মোটের উপর বিদ্যুৎ নিগমের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের পকেটে যে ফের একবার কোপ পড়েছে তা বলাই বাহুল্য।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *