স্পোর্টস ডেস্ক, ৭মে।।
ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে রওনা হলো ত্রিপুরা দল। ছত্তিশগড়ের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ অনুর্ধ-২০ ফুটবল প্রতিযোগিতা। তাতে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ট্রেনে রওনা হয়েছে রাজ্য দল। দলনায়ক বিটু জমাতিয়া থেকে শুরু করে দলের প্রতিটি ফুটবলার নিজেদের সেরা খেলাটা নিংড়ে দিতে বদ্ধপরিকর। কোচ সুশান্ত দেববর্মা গলায় আত্মবিশ্বাসের সুর। সকলেই বিশ্বাস করে, এবারের দলটি অনেকটাই সঙ্গবদ্ধ। ফলে ভালো ফলাফলের সম্ভাবনা প্রবল। ছত্তিশগড়ের নারায়নপুরে ২ মে থেকে শুরু হয়েছে আসর। তাতে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে দিল্লি, সিকিম এবং হিমাচল প্রদেশ। ১২ মে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। ১৪ মে দিল্লি এবং ১৬ মে গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে সিকিমের বিরুদ্ধে। হিমাচল প্রদেশ ম্যাচ কেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ত্রিপুরার কোচ। বলেন, প্রথম ম্যাচে জয় পেলে ছেলেদের মনোবল কয়েকগুণ বেড়ে যাবে। প্রথম ম্যাচটি সব দলের কাছে গুরুত্বপূর্ণ থাকে। তাই হিমাচল ম্যাচকেই পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছি। ৯ মে ছত্তিশগড় পৌঁছবে ত্রিপুরা দলের ফুটবলাররা। ফলে প্রথম ম্যাচের আগে দুদিন ওই রাজ্যে প্রস্তুতির সুযোগ পাবে।।ত্রিপুরা দলের ফুটবলাররা হলো; সৌরভ ত্রিপুরা, জর্জ হালাম, বিটু জমাতিয়া (অধিনায়ক), ব্রিলিয়ান্ট রিয়াং, খাসরাং জমাতিয়া, আসলাং কুমার রিয়াং, আকাশ ত্রিপুরা, বিশাল দেববর্মা, জিসায়া দেববর্মা, কিষান দেববর্মা, অনিশ ত্রিপুরা, বয়ার দেববর্মা, জেমস দেববর্মা, পুষরাই দেববর্মা, জনসন দেববর্মা, সুখ দয়াল জমাতিয়া, বংলাল রিল হালাম এবং অর্মা জমাতিয়া। কোচ: সুশান্ত দেববর্মা, ম্যানেজার: অর্ণব দেববর্মা এবং ফিজিও শায়নদ্বীপ দে। রাজ্য দলের ফুটবলারদের অগ্রিম শুভেচছা জানিয়েছেন সভাপতি প্রণব সরকার এবং সচিব অমিত চৌধুরি।

