তেলিয়ামুড়া ডেস্ক, ৭ আগস্ট।।
তেলিয়ামুড়া দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডি.এম কলোনী এলাকায় কালি মন্দির নির্মাণের সিমেন্ট চুরির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়ার ডি.এম কলোনি। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা সড়ক অবরোধ করে ন্যায় বিচারের দাবিতে সরব হন।অভিযোগ, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শুভঙ্কর দাসের ভাই সুষেন দাস কালি মন্দির নির্মাণ কাজের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরি করে নিয়ে যায়।
প্রসঙ্গত, ডি.এম কলোনি এলাকার দীর্ঘদিনের দাবি অনুযায়ী কালি মন্দির নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়। সেই বরাদ্দে নির্মাণ কাজ শুরু হলেও, চুরির অভিযোগ সামনে আসার পর কাজ বন্ধ হয়ে যায়।
চুরির ঘটনার প্রতিবাদে ও দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা ডি.এম কলোনির গ্রামীণ সড়কে অবরোধ করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয় এবং আশ্বাস দেওয়া হয় যে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

