ডেস্ক রিপোর্টার, ২১ অক্টোবর।।

দেশের ও দশের সুরক্ষায় নিজের জীবন বলিদান দেওয়া বীর পুলিশ কর্মীদের স্মরণে বুধবার এডিনগর পুলিশ মাঠে অনুষ্ঠিত হয় রাজ্য স্তরের পুলিশ স্মৃতি রক্ষা দিবস। কর্তব্যপরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে গার্ড অফ অনার ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শহিদ বেদীতে ফুল দিয়ে বীর পুলিশকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে. কে. সিনহা এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক জি. এস. রাও-সহ পুলিশের উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরা।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের আত্মত্যাগের প্রতি কুর্নিশ জানান। সমাজের শান্তি ও শৃঙ্খলার রক্ষার্থে পুলিশ বাহিনীর এই বলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।আজকের এই স্মৃতি রক্ষা দিবসের মাধ্যমে রাজ্যবাসী ও পুলিশ প্রশাসন ফের একবার স্মরণ করল সেই সমস্ত বীর আত্মত্যাগী জওয়ানদের, যাদের সাহসিকতার জন্যই আজ আমরা শান্তিতে বসবাস করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *