তেলিয়ামুড়া ডেস্ক, ২২ অক্টোবর।।
প্রশাসনিক কড়া নজরদারি এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী দশমীঘাটে সম্পন্ন হলো মা দুর্গার প্রতিমা নিরঞ্জন। বিজয়া দশমীর সকালে ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ ও সিঁদুর খেলায় মেতে মা-কে শেষ বিদায় জানাতে প্রতিমা নিয়ে দশমীঘাটের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন পূজা কমিটির সদস্যরা।
কঠোর নিরাপত্তা ও সুব্যবস্থা প্রতিমা নিরঞ্জন পর্ব শান্তিপূর্ণ রাখতে এ বছর প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘাট চত্বরে পুলিশ, টিএসআর জওয়ান এবং তেলিয়ামুড়া পুর পরিষদের কর্মীরা সার্বক্ষণিক নজরদারিতে নিয়োজিত ছিলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। এছাড়া নিরঞ্জন ঘাটে পর্যাপ্ত আলোর সুব্যবস্থা রাখা হয়েছিল।উপচে পড়া ভিড় ও মিলনমেলা
সন্ধ্যা নামতেই তেলিয়ামুড়ার দশমীঘাট মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে। শুধু তেলিয়ামুড়া শহরই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রচুর মানুষ প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় জমান। সবমিলিয়ে গোটা দশমীঘাট চত্বর এক মহামিলনমেলায় পরিণত হয়।
এদিন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান শ্রী রূপক সরকার বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন, পুলিশ এবং সকল পূজা কমিটির আন্তরিক সহযোগিতায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কাজ সম্পন্ন হয়েছে। আমি তেলিয়ামুড়াবাসীসহ সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।”
আনন্দ ও বিষাদের এক মিশ্র সুরের মধ্য দিয়ে অবশেষে মা-কে বিদায় জানালো তেলিয়ামুড়াবাসী। সেই সাথে সবার মুখে একটিই কথা, আসছে বছর আবার হবে।

