ডেস্ক রিপোর্টার,২২ অক্টোবর।।

       দুর্গাপূজা সবেমাত্র সাঙ্গ হয়েছে।এখনও কোজাগরী লক্ষ্মী পূজা,ভাইফোঁটা, সহ আলোর উৎসব দীপাবলি বাকি।এরই মাঝে পুর নির্বাচন দরজায় কড়া নাড়ছে।এই আবহে বৃহস্পতিবার আগরতলা পুরনিগম ও অন্যান্য পুর সংস্থার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র জমা দিয়েছে রাজ্য বামফ্রন্টের প্রতিনিধিরা।প্রতিনিধিদলে ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে, সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, সিপিএম রাজ্য নেতা রতন দাস,আরএসপি  রাজ্য নেতা দীপক দেব,ফরোয়ার্ড ব্লকের রাজ্যনেতা রঘুনাথ সরকার, সিপিআই এমএল রাজ্য কনভেনার দীপঙ্কর কর্মকার।পরে তাঁরা সিপিএম সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন।এদিন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে জানান,বৈঠকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, বিরোধী প্রার্থীদের মনোনয়ন ও প্রচারের সুরক্ষা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাম নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী বিষয়গুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং কেন্দ্রীয় বাহিনী থাকলে নির্বাচন পরিচালনায় সুবিধা হয় বলে মত প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হওয়ায় তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।পাশাপাশি, অতীতে এডিসি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ইতিবাচক ভূমিকার প্রসঙ্গও বৈঠকে তুলে ধরা হয়।

     বৈঠকে পুর নির্বাচনের পাশাপাশি আগরতলার নাগরিক সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে চম্পকনগর বাজার সহ বিভিন্ন বাজার এলাকার ব্যবসায়িক ক্ষতি এড়াতে বিকল্প বাইপাস নির্মাণের দাবি জানানো হয়। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও দিল্লির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ইতিবাচক ছিল বলে বাম শিবির জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *