ডেস্ক রিপোর্টার, ২২ অক্টোবর।।
রাজ্যের এক জনজাতি যুবককে দিল্লিতে ‘চীনা’ বলে উপহাসের অভিযোগ কন্টেন্ট ক্রিয়েটর আমির শৌখিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও হেনস্থার অভিযোগ আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ” রাজ্যের জনজাতি যুবককে চীনা নাগরিক বলে কটাক্ষ করছেন আমির শৌখিন। শুধু তাই নয়, ” ত্রিপুরা ” নামকে নিয়ে উপহাস করেছেন আমির শৌখিন। রাজ্যের যুবকের কাছে আমির জানতে চান ত্রিপুরা কোথায়?” ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক সময় আমির রাজ্যের যুবকের আপত্তিকর জায়গাতে হাত নিয়ে তাকে হেনস্থা করে। এই ঘটনা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে কন্টেন্ট ক্রিয়েটর আমির শৌখিন।

সমাজ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী এই ভিডিও নজরে আসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার। তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেন। “রাজ্যের যুবকের সঙ্গে একজন কন্টেন্ট ক্রিয়েটরের করা অবমাননাকর মন্তব্যের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি জি এস রাওকে। তার জন্য ডিজিপিকে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ” আইন চলবে তার নিজস্ব গতিতে”।

