ডেস্ক রিপোর্টার,২১ অক্টোবর।।
চার দিনের উৎসবের শেষে বিষাদের সুর। মণ্ডপে মণ্ডপে বিদায়ের প্রস্তুতি, চোখে জল আর মনে আগামী বছরের অপেক্ষা। উমাকে বরণ করে, সিঁদুর খেলায় মেতে উঠে অবশেষে মর্ত্য থেকে কৈলাসে ফেরার পালা মায়ের। দশমীর এই আবেগঘন মুহূর্তে দুর্গাপ্রতিমা বিসর্জনকে ঘিরে উৎসব মুখর আগরতলা শহর।
ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল আগরতলার রাজপথ। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় সামিল হলেন অগণিত ভক্ত। কারও চোখে বিদায়ের অশ্রু, কারও কণ্ঠে— “আসছে বছর আবার হবে।”
দেবী দুর্গার বিদায় মানেই শুধু একটি উৎসবের সমাপ্তি নয়, বরং নতুন করে আশায় বুক বাঁধা। পুজোর কয়েকটি দিনের আনন্দ, মিলন আর সম্প্রীতির স্মৃতি সঙ্গে নিয়েই আবার দৈনন্দিন জীবনে ফেরার প্রস্তুতি।
বিভিন্ন পুজো উদ্যোক্তা ও ভক্তদের উদ্যোগে প্রতিমা নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে। বিসর্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের নির্দেশিকা ও নিরাপত্তাব্যবস্থা মেনে চলা অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরঞ্জনস্থলে পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তাও গুরুত্বপূর্ণ।
মা দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো শারদোৎসবের আনন্দঘন অধ্যায়। রয়ে গেল ঢাকের শব্দ, আলোর স্মৃতি আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত। বিষাদের মাঝেও বাঙালির কণ্ঠে সেই চিরন্তন প্রত্যয়— আবার হবে মায়ের আগমন, আবার জেগে উঠবে উৎসবের শহর।আগামী বছরের অপেক্ষায় আগরতলা সহ গোটা রাজ্য।

