ধর্মনগর ডেস্ক, ২৮ জানুয়ারি।।
ধান খরিফ মরশুম উপলক্ষে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের রাজ্যভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবর্ষ শতবার্ষিকী ভবনে। উদ্যোক্তা ছিলো ধর্মনগর মহকুমা খাদ্য ও কৃষি দপ্তর। বুধবার এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত কৃষকদের রাজ্যের তাঁত শিল্পীদের তৈরি গামছা দিয়ে বরণ করা হয়। গোটা অনুষ্ঠানে এই বিষয়টি ছিল বেশ আকর্ষণীয়।
কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ২০১৭ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ২০১৮ সাল থেকে প্রতি কুইন্টাল ধানের মূল্য ১৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বছরে দুটি মরশুমে ধান ক্রয় করা হবে। এই প্রক্রিয়া এখনো অব্যাহত।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবছর ২৩টাকা ৬৭ পয়সা সহায়ক মূল্যে ধান ক্রয় করবে। ক্রয় করা ধানের মোট পরিমাণ ১৮ হাজার মেট্রিক টন। রাজ্যের আট জেলা থেকে এই ধান ক্রয় করা হবে।
মন্ত্রী সুশান্ত চৌধুরী তথ্য দিয়ে বলেন, বর্তমানে রাজ্যের প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক এই প্রকল্পের আওতায় ধান বিক্রি করছেন। এখন পর্যন্ত কৃষকদের মধ্যে মোট ৪৮৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
কৃষি দপ্তরের তথ্য, উত্তর ত্রিপুরা জেলা থেকে প্রায় ১,৫০০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এদিন উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন গ্রামের ছয়জন কৃষকের কাছ থেকে প্রতীকী ধান ক্রয় করা হয়। কোটা অনুযায়ী এই ধান সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল নাথ ও সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।

