তেলিয়ামুড়া ডেস্ক, ৪ আগস্ট।।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ কৃষক। ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া লালটিলা এলাকার। মৃতের নাম স্বপন চৌধুরী। তাঁর বয়স ছিল প্রায় ৭৫ বছর।স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুই নাবালককে নিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বপন চৌধুরীকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই নাবালকও আহত হয়েছে। তারা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নাবালকদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া এবং বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

