তেলিয়ামুড়া ডেস্ক, ২ সেপ্টেম্বর।
     কঠোর পরিশ্রম আর কয়েক মাসের ঘামের ফসল যে এভাবে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যাবে, তা স্বপ্নেও ভাবেননি কৃষক সাধন মজুমদার। বাইশঘড়িয়া এলাকায় রাতের অন্ধকারে এই কৃষকের জমিতে ঢুকে তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী। অভিযোগ, পরিকল্পিতভাবে ক্ষেতের প্রায় ২০০টি ফলে ভরা বেগুন গাছ মাটি থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে।
প্রতিদিনের মতো খেতের কাজ শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরেছিলেন সাধনবাবু। কিন্তু পরদিন সকালে জমিতে গিয়ে তাঁর চোখ চড়কগাছ। চোখের সামনে ভেসে ওঠে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের ফসল ধ্বংসের মর্মান্তিক দৃশ্য। কেবল গাছ উপড়ে ফেলা হয়নি, এর সাথে জলাঞ্জলি গেছে তাঁর দীর্ঘদিনের শারীরিক শ্রম ও সঞ্চিত বিনিয়োগ।
ক্ষতিগ্রস্ত কৃষকের প্রাথমিক অনুমান, এই অমানবিক হামলায় তাঁর আনুমানিক এক লক্ষ টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এই খেতের ফসল বিক্রি করেই তাঁর সংসার চলত এবং ভবিষ্যতের উপার্জনের আশায় তিনি এই চাষ করেছিলেন। কিন্তু এক রাতের তাণ্ডবে সেই সম্বল ও স্বপ্ন দুটোই আজ চুরমার।
    এই নির্মম ঘটনায় স্থানীয় এলাকায় প্রবল চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে কৃষকের পেটে লাথি মারার এই দুঃসাহস কারা দেখাল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কে বা কারা এই নেপথ্যে রয়েছে তা এখনও অস্পষ্ট। ক্ষতিগ্রস্ত কৃষক অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশি তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ ও দুষ্কৃতীদের পরিচয় সামনে আসবে।









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *