ডেস্ক রিপোর্টার, ২ মে।।
মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনকার কেবিনেট বৈঠকে ১১২ টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাজ্যের বাসিন্দা যে সমস্ত জওয়ান শহীদ হয়েছেন তাদের বিধবা পত্নীদের ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা সিদ্ধান্ত হয়। রাজ্য সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এই খবর জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই সাথে তিনি জানিয়েছেন রাজ্যের বাসিন্দা যে সমস্ত প্যারামেলিটারি জওয়ান দেশের কাজে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের পরিবারের ১৮ বছর ঊর্ধ্বে অবিবাহিত এক সন্তানকে একটি নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে মাসিক ২০০০ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
দিনকাল কেবিনেট বৈঠকে অর্থ দপ্তরের অধীন ৫০টি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। তাছাড়া স্বরাষ্ট্র দপ্তরের অধীন জেল দফতরে চারটি এলিওপ্যাথি ফার্মাসিস্ট পদে নিয়োগেরও সিদ্ধান্ত হয়।
পর্যটন মন্ত্রী আরও জানিয়েছেন, সাধারণ প্রশাসনের প্রিন্টিং এবং স্টেশনারী বিভাগে জেআরবিটির মাধ্যমে ৪৩ টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কেবিনেট মিটিংয়ে। তাছাড়া নির্বাচন দপ্তরে গ্রুপ সি পদে ৬ জন এবং গ্রুপ ডি চারটি পদে নিয়োগের সিদ্ধান্ত হয় জেআরবিটির মাধ্যমে। মোটের উপর শনিবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে ১১২ টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। তার মধ্যে ১০৭টি পরীক্ষার মাধ্যমে এবং ৫টি পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে।

