ডেস্ক রিপোর্টার, ১জুন।।
রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৯ মে থেকে।অভিযোগ ভর্তি প্রক্রিয়া শুরু হতেই চরম ভোগান্তির শিকার হচ্ছে ছাত্র-ছাত্রীরা। অনলাইনে ভর্তির ফর্ম ফিলাপ করতে গিয়ে প্রতিনিয়ত ‘সার্ভার ডাউন’ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আবেদনকারীদের। এর ফলে বহু ছাত্র-ছাত্রী নির্দিষ্ট সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না।এই উদ্ভূত পরিস্থিতির দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে সোমবার সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে এদিন এক প্রতিনিধিদল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে।
এদিন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা বাম ছাত্র প্রতিনিধিদলের দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং এই প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন দেখার, হাজার হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর কলেজে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে কি না।

