ডেস্ক রিপোর্টার, ১৪ জুন।।
১২ বছরের মোদী সরকারের কাজের খতিয়ান ও নেহেরুর রাষ্ট্র গঠনের অবদানের তুলনা টেনে বিজেপিকে তীব্র আক্রমণ শানাল প্রদেশ কংগ্রেস।রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী, রাজ্য নেত্রী পৃথা দেব সহ প্রশান্ত দত্ত।এদিন প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপির দীর্ঘ শাসনকালকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতৃত্বের দাবি, বিগত এক যুগেরও বেশি সময়ে দেশের বুনিয়াদি উন্নয়নে কোনো আমূল পরিবর্তন করতে পারেনি বর্তমান কেন্দ্রীয় সরকার। উল্টো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দূরদর্শী রাষ্ট্রগঠনের ভাবনার সঙ্গে বর্তমান সরকারের কাজের কোনো তুলনাই চলে না।
এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ত্রিপুরার রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলা অপরাধমূলক ঘটনা এবং বিশেষ করে নারী নিরাপত্তার চরম অবনতি নিয়ে সুর চড়িয়েছে তারা।
উল্লেখ্য,সামনেই নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেসের এই ঝাঁঝালো আক্রমণ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। একদিকে জাতীয় স্তরে নেহেরুর ঐতিহ্যকে হাতিয়ার করে মোদী সরকারকে আক্রমণ, অন্যদিকে স্থানীয় স্তরে ত্রিপুরার আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সরকারকে কোণঠাসা করার এই জোড়া কৌশল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

