ডেস্ক রিপোর্টার, ১৪ জুলাই।।
        গত কয়েক বছর আগে জগন্নাথের রথযাত্রা কেন্দ্র করে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কুমারঘাটে। লোহা দিয়ে তৈরি রথের চূড়া স্পর্শ হয়েছিল মূল সড়কে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে। এই ঘটনার মৃত্যু হয়েছিল কয়েকজনের। কুমারঘাটের ঘটনার পর থেকে রথ যাত্রা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন।
       আগরতলা শহরেও বেশ জাঁকজমক ভাবে পালিত হয় জগন্নাথের রথ উৎসব। শহরের জগন্নাথ বাড়ি থেকে বের হয় জগন্নাথ সুভদ্রা ও বলরামকে নিয়ে বের হয় সুদৃশ্য রথ। এই রথের দড়ি স্পর্শ করতে রাস্তার দুই পাশে জড়ো হয় প্রচুর ভক্ত প্রাণ মানুষ। এবারের রথ যাত্রায় আগরতলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
    পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন, ” আগরতলার জগন্নাথ বাড়ির কমিটির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। অনুষ্ঠিত বৈঠকে কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, রথ তৈরি করতে হবে কাঠ দিয়ে। উচ্চতা সর্বোচ্চ পাঁচ মিটার। রথের উপর উঠা যাবে না অতিরিক্ত লোকজন।
    জেলা প্রশাসক বিশাল কুমার জানিয়েছেন, রথযাত্রার দিনে, রথ যখন চক্কর কাটবে রাজপথে সঙ্গে থাকবে পুলিশ, দমকল বাহিনী, এম্বুলেন্স সহ জরুরি কালীন সমস্ত পরিষেবা।
          জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ কুমারঘাটের রথ যাত্রার দুর্ঘটনার যন্ত্রণা এখনো দগ দগ করছে রাজ্যের মানুষের মনে। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্যই রথ যাত্রায় নানান বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *