ডেস্ক রিপোর্টার,৩১ জুলাই।।
জাতীয় জনগণনা ২০২৭-এর প্রথম ধাপের জন্য প্রস্তুত রাজ্য। ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ত্রিপুরা জুড়ে চলবে প্রথম পর্যায়ের ‘হাউসলিস্টিং অ্যান্ড হাউজিং সেনসাস’ বা বাড়ি গণনা ও তালিকাভুক্তকরণের কাজ।এবারের গণনা প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তির স্পর্শ। আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের জনগণনা পরিচালনা অধিকর্তা রতন বিশ্বাস জানান, প্রথাগত কাগজের ফর্মের পরিবর্তে এবার গণনাকারীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং বিশেষ ওয়েব পোর্টালের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
ডিজিটাল পদ্ধতির কারণে তথ্য সংগ্রহের কাজ যেমন দ্রুত ও নিখুঁত হবে, তেমনই তথ্যের নিরাপত্তাও সুনিশ্চিত থাকবে বলে জানিয়েছে দপ্তর।
রাজ্যের সঠিক সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে এই গণনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে জনগণনা পরিচালনা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আহ্বান জানানো হয়েছে—গণনাকারীরা বাড়িতে গেলে যেন তাদের সম্পূর্ণ সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে এই জাতীয় প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করা হয়।

