তেলিয়ামুড়া ডেস্ক, ৩১ জুলাই ।।
       রেশন সামগ্রী আত্মসাৎ এবং খোলা বাজারে বিক্রির মতো গুরুতর অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ালো তেলিয়ামুড়ার অফিসটিলা এলাকায়। স্থানীয় ২ নম্বর রেশন শপের ডিলার রাকেশ দাসের বিরুদ্ধে গ্রাহকদের বঞ্চিত করার প্রতিবাদে রাস্তায় নামেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।
অভিযোগের মূল তীর রেশন ডিলার রাকেশ দাসের দিকে। গ্রাহকদের দাবি, তাদের রেশন কার্ডে চিনি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ‘বিতরণ করা হয়েছে’ বলে বায়োমেট্রিক বা খাতায় দেখানো হলেও বাস্তবে তারা সেই সামগ্রী পাননি। শুধু তা-ই নয়, সরকারি ভর্তুকির খাদ্যসামগ্রী গ্রাহকদের না দিয়ে তা চড়া দামে খোলা বাজারে বিক্রি করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
তবে সংশ্লিষ্ট বিষয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন রেশন ডিলার রাকেশ দাস। তার ভাবটা এমন, দুধে ময়লা থাকতে পারে কিন্তু তার নিয়তে কোন ময়লা নেই।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের একটি প্রতিনিধিদল। উপস্থিত হন ডিএসএম জিনিয়াস দেববর্মা। তিনি নিজে উপস্থিত থেকে রেশন শপের স্টক রেজিস্টার ও সরজমিনে সামগ্রী পরীক্ষা করেন। প্রাথমিক তদন্ত শেষে সাংবাদিকদের তিনি জানান, গ্রাহকদের তোলা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এদিকে অভিযান চলাকালীন উঠে আসে আরও এক চাঞ্চল্যকর তথ্য। রেশন শপ থেকে অনিয়ম করে জমিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ পেট্রোলও বাজেয়াপ্ত করা হয়, যা কালোবাজারির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, এই রেশন শপটির বিরুদ্ধে এর আগেও বারবার গ্রাহক হয়রানি ও রেশন সামগ্রী চুরির অভিযোগ উঠেছিল, কিন্তু তা থেকে কোন শিক্ষা নেয়নি অভিযুক্ত রেশন ডিলার। এদিন খাদ্য দপ্তরের অভিযানের পর ডিএসএম জিনিয়াস দেববর্মা স্পষ্ট জানান, “তদন্তে উঠে আসা অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।এই ঘটনাকে কেন্দ্র করে পুরো তেলিয়ামুড়া মহকুমা জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রাহকদের একটাই দাবি—কালোবাজারির সাথে যুক্ত এই অসাধু চক্রকে গুঁড়িয়ে দিতে হবে এবং ভবিষ্যতে যাতে দরিদ্র মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, তার জন্য খাদ্য দপ্তরকে নিয়মিত কঠোর নজরদারি চালাতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *