ডেস্ক রিপোর্টার, ৩ আগস্ট।।
কলকাতা থেকে সোমবার রাজ্যে ফিরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে শহরের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে বের হলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। স্মার্ট সিটির কাজ এবং শহরের সৌন্দর্যায়নের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করাই ছিল তাঁর এই পরিদর্শনের মূল উদ্দেশ্য।পরিদর্শনের শুরুতেই মুখ্যমন্ত্রী রাজধানীর ঐতিহাসিক প্রভু বাড়ি পুকুর সংস্কারের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। কাজের গুণমান এবং গতি নিয়ে সেখানে উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি যান মধ্যপাড়া পুকুর পরিদর্শনে—যে স্থানটির সাথে জড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর শৈশব ও বাল্যকালের স্মৃতি।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার,পুর কমিশনার সাজু ওয়াহিদ সহ পুরনিগমের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
এদিন পুকুর সংস্কারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার আগরতলা শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে ইতিমধ্যেই রাজধানীর ৩৫টি পুকুর সংস্কার করা হয়েছে। আগামী দিনে এই ধরনের উন্নয়নমূলক কাজ আরও জোরকদমে চলবে বলেও তিনি জানান।
সিপিআইএম ও কংগ্রেসকে তীক্ষ্ণ আক্রমণ
এদিনের পরিদর্শন কর্মসূচির মাঝেই বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। কমিউনিস্ট আমলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দেন যে, বিগত সরকারের আমলে শহরের পরিকাঠামোগত উন্নয়ন ছিল সম্পূর্ণ উপেক্ষিত। একইসাথে বিগত কংগ্রেস সরকারের আমলের উন্নয়ন নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন এবং দাবি করেন যে, বর্তমান বিজেপি নেতৃত্ত্বাধীন সরকারই আগরতলাকে আধুনিক ও সুন্দর রূপ দিচ্ছে
উল্লেখ্য, স্মার্ট সিটি মিশনের অধীনে আগরতলা শহরের সৌন্দর্যায়ন ও পরিকাঠামো উন্নয়নের বহুবিধ প্রকল্প বর্তমানে রূপায়িত হচ্ছে। ফলে রাজধানীর চেহারা যে আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, আসন্ন পৌর নির্বাচন এখন দোড়গোড়ায়। এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজের গতি বজায় রাখা এবং সময়ের কাজ সময়ে শেষ করতে সরকার মরিয়া। সেই দিক থেকে রাজ্যে ফিরেই মুখ্যমন্ত্রীর এই সরজমিনে পরিদর্শন কর্মসূচি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী।

