সাব্রুম ডেস্ক, ১৯ আগস্ট।।
       দূর সমুদ্রপারের কিউবা, অথচ তার লড়াইয়ের সুর যেন পৌঁছে যায় ত্রিপুরার মাটিতেও। কিউবার প্রতি সংহতি প্রকাশ এবং কিউবা বিপ্লবের অন্যতম মহানায়ক ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২০ আগস্ট  সাব্রুমের পুরাতন টাউন হলে প্রকাশ্য হল সভা করার উদ্যোগ নিয়েছে  সিপিআইএম দক্ষিণ ত্রিপুরা জেলা কমিটি। সাংবাদিক সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ  জেলার  বাম নেতৃত্ব।
          মঙ্গলবার সিপিআইএমের  সাব্রুম মহকুমা অফিসে সাংবাদিক বৈঠক করে নেতৃত্ব জানিয়েছেন, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত সভায়  উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস ও তাঁর সহধর্মিনী। থাকবেন  সিপিআইএম- র রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী।
কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোসকে অনুষ্ঠিত সভায়  সংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনার মাধ্যমে  কিউবার মানুষের প্রতি ত্রিপুরাবাসীর সংহতির বার্তা তুলে ধরা হবে।
  বাম নেতারা বলেন, ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে কিউবার উপর দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলেছে। জ্বালানি, বিদ্যুৎ ও প্রয়োজনীয় ওষুধের সংকটের এই সময়ে কিউবার মানুষের পাশে দাঁড়ানোর বার্তাই তুলে ধরবে এই সভা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা নেতা তাপস দত্ত, সিপিআইএম সাব্রুম মহকুমা সম্পাদক অরুণ ত্রিপুরা, জিএমপি নেতা প্রভাত চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *