ডেস্ক রিপোর্টার,২৩ আগস্ট।।
পাহাড়ের ভিলেজ কমিটির নির্বাচন ঘনিয়ে আসতেই নতুন করে সুর চড়াতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এরমধ্যে নিজেদের অস্তিত্ব জানান দিতে ফের পৃথক ‘তিপ্রাল্যান্ড’-এর দাবিতে সরব হলো আইপিএফটি।আর এই দাবিকে সামনে রেখে রবিবার আগরতলার মরা চৌমুহনী এলাকায় এক পথসভার আয়োজন করে সংগঠনটি।পথসভার পূর্বে দলের কর্মী-সমর্থকদের নিয়ে আগরতলার উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মরা চৌমুহনীর সভাস্থলে এসে শেষ হয়।
পরবর্তী পথসভায় আইপিএফটির শীর্ষ নেতৃত্ব পৃথক তিপ্রাল্যান্ডের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন।বক্তাদের মূল বক্তব্য রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয়, দীর্ঘদিনের বঞ্চনা দূরীকরণ এবং মৌলিক অধিকার রক্ষায় পৃথক রাজ্য গঠনই একমাত্র স্থায়ী সমাধান। আইপিএফটি তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দাবির পক্ষে লড়াই চালিয়ে আসছে এবং আগামী দিনেও আন্দোলন জোরদার করবে।
এদিনের এই কর্মসূচিতে প্রধান সারির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি
প্রেম কুমার রিয়াং,মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বরা।
ভিলেজ কমিটি নির্বাচনের মুখে আইপিএফটির এই হঠাৎ সক্রিয়তা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে চরম চর্চা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বিজেপি এবং তিপ্রা মথার প্রভাবের মাঝে দাঁড়িয়ে নিজস্ব ভোটব্যাঙ্ক ধরে রাখতেই কি ভোটের ঠিক মুখে তাদের পুরনো ও মূল ‘আবেগ’—অর্থাৎ পৃথক তিপ্রাল্যান্ডের ট্রাম্পকার্ড ব্যবহার করছে আইপিএফটি? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল,যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

