ডেস্ক রিপোর্টার, ২৪ আগস্ট।।
” আমাদের বিষ দিন, বিষ খেয়ে গোটা পরিবার নিয়ে মরে যাবো।”— শহরের রাজপথে দাঁড়িয়ে একথা বলছেন টমটম চালকরা। শহরের মোটরস্ট্যান্ডে ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ তাদের নিয়মিত হেনস্তা করে। এবং জরিমানা করে সর্বোচ্চ এক হাজার টাকা। এই অভিযোগের ভিত্তিতে সোমবার টমটম চালকরা ডেপুটেশন দেয় পূর্ব আগরতলা থানায়।
পূর্ব থানায় দাঁড়িয়ে ডেপুটেশন দিতে আসা টমটম চালকরা অভিযোগ করেন, তারা লোন টমটম কিনেছেন। প্রতিমাসে তাদের দিতে হয় মোটা অঙ্কের কিস্তি। ব্যবসাও নেই আগের মতো। তাদের এখন দিন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। এই পরিস্থিতিতে তারা এখন দুঃস্বপ্ন দেখছেন মহিলা ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষকে নিয়ে।

টমটম চালকদের বক্তব্য, তারা যাত্রী নিয়ে পুরানো মোটর স্ট্যান্ডে আসলেই পকেটে লাগে গরম ছ্যাকা। প্রতি নিয়ত ইন্সপেক্টর মুক্তা ঘোষ আইনের জুজু দেখিয়ে তাদের কাছ থেকে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা আদায় করে। কিন্তু তিনি ট্রাফিক দপ্তরের কোনো রসিদ ( জরিমানা আদায় বাবদ) দেন নি। চালকদের প্রশ্ন তাহলে কি মুক্তা ঘোষ নিজের পকেটে ঢুকিয়ে নেন জরিমানার প্রাপ্ত টাকা?
দীর্ঘদিন ধরে চলতে থাকা ঘটনার বিস্ফোরণ ঘটে সোমবার দুপুরে। টমটম চালকরা সংঘবদ্ধ ভাবে ছুটে যান পূর্ব আগরতলা থানায়। সেখানে গিয়ে তারা ডেপুটেশন দেন। এবং নালিশ জানান মুক্তা ঘোষের বিরুদ্ধে।

