ডেস্ক রিপোর্টার,১০ সেপ্টেম্বর।।
গত দুই সপ্তাহ ধরে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে আক্রান্ত সাধারণ ছাত্র সহ এসএফআই কর্মীরা। অভিযোগের আঙুল শাসক দল বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র দিকে। রাজ্যের শিক্ষাঙ্গনগুলিতে চলতে থাকা অস্থির পরিবেশ নিতে রাজ্য পুলিশের আইজি’র ( আইন – শৃঙ্খলা) কাছে নালিশ জানিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। এবং কলেজ গুলিতে অরাজকতা চালানো লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায়।বৃহস্পতিবার এসএফআই নেতৃত্ব পুলিশ সদর দপ্তরে গিয়ে আইজির সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারক লিপি জমা করেন।
এসএফআই নেতৃত্বের অভিযোগ, শাসক দলের সমর্থিত ছাত্র সংগঠনের দুষ্কৃতীতরা কলেজ গুলিতে লাগাতর এসএফআই কর্মীদের হামলা করছে। তাদের আক্রমণ থেকে বাদ যায় নি সাধারণ ছাত্ররাও।এমবিবি কলেজ, রামঠাকুর কলেজ, রামকৃষ্ণ কলেজ,ভারতচন্দ্র নগর কলেজ গুলিতে ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে।
বাম ছাত্র সংগঠনের নেতাদের বক্তব্য, প্রতিটি ঘটনার পর থানা পুলিশে দুষ্কৃতীদের নাম দিয়ে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি।

