ডেস্ক রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর।।
রাত পোহালেই ভিলেজ কমিটির ভোট।খোয়াইয়ের তুলাশিখর ব্লকে ২৮ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি এখন তুঙ্গে। উদ্দেশ্য—সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ সম্পন্ন করা।
রবিবার সকাল থেকেই তুলাশিখর ব্লক কার্যালয় থেকে ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী ও সরঞ্জামসহ পোলিং পার্সোনালদের নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর উদ্দেশ্যে পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী নির্দেশিকা ও নিয়ম মেনে সময়মতো কেন্দ্রে পৌঁছানো ও সামগ্রী সংরক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছে প্রশাসন।
আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজর দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও তার সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক আধিকারিকদেরও বিভিন্ন দায়িত্বে ভাগ করে দেওয়া হয়েছে।
ভোটার বা ভোটকর্মীদের হঠাৎ শারীরিক অসুস্থতায় দ্রুত পরিষেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ মেডিকেল টিম। ব্লক চত্বরে পোলিং এজেন্ট, নিরাপত্তারক্ষী ও সরকারি আধিকারিকদের সরব উপস্থিতি নির্বাচনী তৎপরতাকে স্পষ্ট তুলে ধরে। সাধারণ ভোটাররা যাতে নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে সবরকম প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন সবার নজর আগামীকালের ভোটগ্রহণের দিকে।

