ডেস্ক রিপোর্টার,২৮ সেপ্টেম্বর।।
বহুল প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ইভিএম নয়, ভোট গ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।রাজ্যের ৫৮৭টি ভিলেজ কমিটির মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে ২৯৫২টি আসনে আজ সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। এ বার মোট প্রার্থীর সংখ্যা ৮ হাজার ১৭৬ জন। মোট ৬ লক্ষ ৬৫ হাজার ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর জন্য রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে ১ হাজার ৯৫টি ভোট গ্রহণ কেন্দ্র। নিরাপত্তার স্বার্থে নামানো হয়েছে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ প্রায় নয় হাজার পুলিশ ও টিএসআর কর্মী। নির্বাচন পরিচালনা করতে ৭,৪৫৮ জন ভোট কর্মীকে ১২৪৩টি দলে ভাগ করে পাঠানো হয়েছে নিজ নিজ কেন্দ্রে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তিপ্রা মথা, বিজেপি, সিপিএম,কংগ্রেস ও নির্দল প্রার্থীরা।উল্লেখ্য, ভোটের আগেই ১,৬৪৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক জোট তিপ্রামথা ও বিজেপি। পাশাপাশি একটি আসনে জয় পেয়েছে সিপিএম প্রার্থী।ব্যালট পেপারের এই নির্বাচনে জনগণ কাদের ভোটাধিকার দেন, তার উত্তর মিলবে আগামী ৫ অক্টোবর।

