তেলিয়ামুড়া ডেস্ক,২১ অক্টোবর।।
উৎসবের আনন্দের মাঝেই নবমীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট লোকনাথ আশ্রম সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে একটি লাল রঙের স্কুটি নিয়ে দুই নাবালক তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। লোকনাথ আশ্রমের কাছে পৌঁছালে স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।দুর্ঘটনায় গতির তীব্রতায় স্কুটিটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী রক্তাক্ত অবস্থায় সড়কে ছিটকে পড়ে এবং ফিনকি দিয়ে রক্ত ঝড়তে থাকে।খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ১৭ বছর বয়সী জিৎ সরকারকে মৃত ঘোষণা করেন এবং অবস্থার অবনতি হওয়ায় দ্বীপ চৌধুরীকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।এবং সেখানে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর একাধিক গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। লাইসেন্স ও হেলমেট ছাড়া নাবালকদের হাতে কে তুলে দিল এই দ্রুতগতির স্কুটি? উৎসবের রাতে অভিভাবকদের নজরদারি কোথায় ছিল? পাশাপাশি, জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি আটক করেছে। নবমীর রাতে এই যুবকের আকস্মিক মৃত্যুতে গোটা চাকমাঘাট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

