প্রদেশ বিজেপির নতুন সভাপতি অভিষেক দেবরায় আগরতলা এমবিবি বিমান বন্দরে এসে বলেন, ” দলের আদর্শকে মেনে রাজ্যের সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে চান।”
ডেস্ক রিপোর্টার, ২৮ মে।।
বিজেপির প্রদেশ সভাপতির ঘোষণার মধ্য দিয়ে চমক দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হেভিওয়েটদের পেছনে ফেলে সভাপতির চেয়ার দখল করলেন উদয়পুর মাতা বাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। সভাপতি হিসাবে নিজের নাম ঘোষণার পর দিল্লি থেকে আগরতলায় আসেন অভিষেক দেবরায়। বিমান বন্দরে তাকে স্বাগত জানান প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব। সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা।
প্রদেশ বিজেপির নতুন সভাপতি অভিষেক দেবরায় আগরতলা এমবিবি বিমান বন্দরে এসে বলেন, ” দলের আদর্শকে মেনে রাজ্যের সমস্ত অংশের মানুষকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে চান।”
বিমান বন্দর থেকে নেমে অভিষেক চলে আসেন প্রদেশ বিজেপির সদর দফতর কুশাভাউ ভবনে। সেখানে তাকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য ও দলের অন্যান্য নেতা কর্মীরা সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, ” বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য খুব ভালো কাজ করেছেন। সঙ্কট মুহূর্তে শক্ত ভাবে দলকে পরিচালনা করেছেন। এখন এই দায়িত্ব অভিষেক দেবরায়ের উপর। মুখ্যমন্ত্রীর আশা অভিষেকও দলের দায়িত্ব পালন করবেন।
প্রদেশ বিজেপির বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্যও, ” অভিষেক দেবরায়কে অভিনন্দন জানান। বলেন, অভিষেকের নেতৃত্বে দলের সংগঠন আরও বেশি শক্তিশালী হবে।
অভিষেক দেবরায় প্রদেশ বিজেপির সভাপতি মনোনীত হওয়াতে খুশির জোয়ার উদয়পুরে। কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবও ছিলেন উদয়পুরের। এই পরিসংখ্যান অনুযায়ী, উদয়পুর পেলো প্রদেশ বিজেপির দ্বিতীয় সভাপতিকে। স্বাভাবিক ভাবেই গোটা উদয়পুর জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে বাড়তি উত্তেজনা।

