কৈলাসহর ডেস্ক, ৩০ জুলাই।।
         চাকরি নিয়মিতকরণ, সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে গ্র্যাচুইটি প্রদান এবং ভাতা বৃদ্ধির দাবিতে সরব হলেন কৈলাসহর পুরপরিষদ এলাকার অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা। সম্প্রতি উনকোটি জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকের হাতে ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।
স্মারকলিপিতে আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যায় ভুগলেও প্রশাসনিক স্তর থেকে কোনো স্থায়ী সমাধান মিলছে না। কর্মী ও সহায়িকাদের চাকরি নিয়মিত করার পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ও গ্র্যাচুইটি প্রদানের জোর দাবি জানানো হয়েছে।

এছাড়া বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে তাদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল,
সেন্টারের ফিডিং বিল বৃদ্ধি ও তা অগ্রিম প্রদান করা।কন্টিজেন্সি বিল বাড়িয়ে বছরে ৩ হাজার টাকা করা।মোবাইল রিচার্জের জন্য প্রতি মাসে ৩৫০ টাকা প্রদান।FRS ও E-KYC ব্যবস্থা বাতিল করে অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলোতে উন্নত মানের পুষ্টিকর খাবার সরবরাহ সুনিশ্চিত করা।
এদিন কর্মী সংগঠনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাদের এই যুক্তিযুক্ত দাবিগুলো দ্রুত কার্যকর না করা হলে ১লা আগস্ট থেকে তারা ‘টেক হোম রেশন’ প্রদান সম্পূর্ণ বন্ধ রাখবেন। পাশাপাশি FRS প্রক্রিয়াকরণ থেকেও বিরত থাকবেন তারা। অঙ্গনওয়াড়ী কর্মীদের এই কড়া অবস্থান ও হুঁশিয়ারিতে বর্তমানে প্রশাসনিক মহলে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *