তেলিয়ামুড়া ডেস্ক,১৭ জুন।।
অসর্তকতায় সর্বনাশ।নিজ বাড়িতে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল আনুমানিক ৩১ বছর বয়সী এক গৃহবধূর। সোমবার সকাল নাগাদ তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম সরস্বতী চৌধুরী ওরফে মন্টি চৌধুরী। সকালে নিজের বাড়ির স্নানঘরে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় আচমকাই তিনি কোনোভাবে একটি লাইভ বিদ্যুতের তার বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে জখম এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে।টের পেয়ে পরিবারের সদস্য এবং স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ছুটে আসে। যৌথ প্রচেষ্টায় তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সরস্বতী চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর খবর গামাইবাড়ি এলাকায় ছড়িয়ে পড়তেই গভীর শোকের পরিবেশ তৈরি হয়। সামান্য অসতর্কতা বা কারিগরি ত্রুটির কারণে এমন একটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

