ডেস্ক রিপোর্টার, ২৪ এপ্রিল।।
বাংলাদেশি নাগরিকের গরু এপারের জুম ক্ষেত নষ্ট করার ইস্যু কেন্দ্র করে রক্তাক্ত হলো করবুক মহকুমার শিলাছড়ি ব্লকের বেলতলী সীমান্ত। বাংলাদেশিদের হামলায় গুরুতর জখম এক ভারতীয় নাগরিক। তার নাম গুধানবাবু ত্রিপুরা (২৮) । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনা শুক্রবার দুপুরে। এই ঘটনা কেন্দ্র করে ভারত – বাংলাদেশের শিলাছড়ি ব্লকের সীমান্ত এলাকাগুলিতে বিরাজ করছে তীব্র উত্তেজনা।
স্থানীয়রা জানিয়েছে, এদিন দুপুরে বাংলাদেশি নাগরিকদের কয়েকটি গরু সীমান্তের এপারে চলে আসে। এবং ভারতীয় নাগরিকদের জুম ক্ষেতে প্রবেশ করে।মুহূর্তেই গরু নষ্ট করে দেয় জুম ক্ষেত। এই ঘটনা দেখে দৌড়ে জুম ক্ষেতে ছুটে যান ভারতীয় নাগরিক গুধানবাবু ত্রিপুরা । তিনি গরু গুলিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এমন সময় ওপার সীমান্তে থাকা গারুগুলির মালিকরা ছুটে আসে জুম ক্ষেতে। তখন দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক সময় পরিস্থিতি তপ্ত হলে বাংলাদেশিরা তাদের হাতে থাকা দা দিয়ে আক্রমণ করে ভারতীয় নাগরিক গুধানবাবু ত্রিপুরাকে । চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে যায়। অবস্থা বেগতিক দেখে বাংলাদেশিরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় গুধানবাবু ত্রিপুরাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থা অবনতি হওয়াতে সেখান থেকে তাকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। এই ঘটনায় সীমান্ত এলাকার লোকজনের মধ্যে বিরাজ করছে এক অজানা আতঙ্ক।

