ডেস্ক রিপোর্টার, ২৪ এপ্রিল।।
এডিসি নির্বাচন শেষ হতেই আসন্ন পুর নির্বাচনের ঢাকে কাঠি পড়তে শুরু করেছে। চলতি বছরের শেষ লগ্নে রাজ্যে অনুষ্ঠিত হবে পুর ভোট। এই পুর ভোটে মূল আকর্ষণ আগরতলা পুর নিগমের নির্বাচন। নিগম ভোটকে সামনে রেখে রাজনৈতিক ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক বিজেপি।
শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর নির্বাচনী ক্ষেত্র টাউন বড়দোয়ালি মণ্ডলে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে উঠে আসে আসন্ন পুর নির্বাচনের বিষয়টি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতেই এদিন মণ্ডলে গিয়েছেন। সামনেই পুর নির্বাচন। তার আগে নির্বাচন সংক্রান্ত নানান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন দলের নেতা – কর্মীদের সঙ্গে। বৈঠকে ছিলেন টাউন বড়দোয়ালি কেন্দ্রের নিগমের কর্পোরেটররা। সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন সদ্য সমাপ্ত এডিসি নির্বাচন এখন অতীত। ভাজপার পাখির চোখ পুর ভোট।

