ডেস্ক রিপোর্টার, ১২ জুন।।
             শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ চত্বরে ২২ বছর বয়সী কলেজ কর্মী মনীষা দাসের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরার রাজ্য রাজনীতি। মৃত দেহ উদ্ধারের ঘটনায় রাজ্য সরকারের ঘোষিত ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তকে কোনোভাবেই মানতে নারাজ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এবার সরাসরি হাইকোর্টের কর্মরত বিচারককে দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল তারা।আর দাবি পূরণ না হলে আগামী ১৫ জুনের পর থেকে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী সাফ জানিয়ে দেন,এই মৃত্যুর পেছনে গভীর কোনো রহস্য বা ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। রাজ্য সরকার যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে, তার ওপর তাদের কোনো আস্থা নেই।
         শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে। এবার তাতে রাজনৈতিক মাত্রা যোগ হওয়ায় চাপ বাড়ল প্রশাসনের ওপর। এখন দেখার, মহিলা কংগ্রেসের এই আলটিমেটামের পর রাজ্য সরকার তাদের তদন্তের সিদ্ধান্তে কোনো বদল আনে কি না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *