স্পোর্টস ডেস্ক,২৯ জুলাই ।।
উদ্বোধনী ম্যাচে জয় পেলো খোয়াই জেলা। পরাজিত করলো সিপাহীজলা জেলাকে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে খোয়াই জেলা খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগরের বিরুদ্ধে। বুধবার বিকেল সাড়ে চারটায় হবে ম্যাচটি। তিন দিনব্যাপী অনূর্ধ্ব ১৭ বালিকাদের রাজ্য সুব্রত মুখার্জি কাপ ফুটবল শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে হচ্ছে আসর। এদিন হাশরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় এবং শুভজিত সিনহা। উদ্বোধনের পরেই শুরু হয় দিনের একমাত্র ম্যাচটি। তাতে মুখোমুখি হয়েছিল খোয়াই জেলা এবং সিপাহীজলা জেলা। ম্যাচে খোয়াই জেলা, ৪-২ গোলে জয়লাভ করে। দু দলের মধ্যে মূলত পার্থক্য করে দেয় বিজয়ী দলের সাহিলি দেববর্মা। ম্যাচে হ্যাটট্রিক করে সাহিলি। বিজয়ী দলের পক্ষে অপর গোলটি করে সালমা দেববর্মা। বিজিত দলের পক্ষে খুমপুই দেববর্মা দুটি গোল করে। খেলা পরিচালনা করেন অরিন্দম মজুমদার।

