তেলিয়ামুড়া ডেস্ক, ৫ আগস্ট।।
একটি দুর্ঘটনাগ্রস্ত সিমেন্ট বোঝায় লরি থেকে কথা বলছেন চালক। নাম মিহির লাল দেবনাথ। বাড়ি কাঞ্চনপুর। চালক নিজেই এই লরির মালিক। দুর্ঘটনাগ্রস্থ স্থান তেলিয়ামুড়ার চাকমাঘাটের সুপার মার্কেট সংলগ্ন জাতীয় সড়ক। দুর্ঘটনা ঘটেছে সোমবার রাত আড়াইটা নাগাদ।
লরিটি একটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে তার সামনের অংশ চেপে যায়। এর ফলে চালকের শরীরের নিচের অংশ আটকে যায়। স্বাভাবিকভাবেই তার পক্ষে লরি থেকে বের হওয়া অসম্ভব হয়ে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে আসে রাজ্যের ঢাল তরোয়াল হীন নিধিরাম সর্দার বিপর্যয় মোকাবেলা টিমের দুই সদস্য। তারা আসার সময় নিয়ে আসে আয়রন কাটার একটি যন্ত্র তাও আবার বিকল। ছুটে আসে টিএসআর পুলিশ ও দমকল বাহিনী।
কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি রাজ্যের বিপর্যয় মোকাবেলা টিম পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে জীবিত অবস্থায় চালক মিহির লালকে উদ্ধার। করতে। শেষ পর্যন্ত দীর্ঘ সাত থেকে আট ঘন্টা গাড়ির মধ্যে থেকে ছটফট করতে করতে হাজারো লোকের সামনে মৃত্যু হয় গাড়ির চালক মিহির লালের।
রাজ্যের বিপর্যয় মোকাবেলাকারী দলের এই বিচ্ছিরি অবস্থা দেখে খুব ফেটে পড়েন উপস্থিত লোকজন। চালক মিহির লালের মৃত্যুর জন্য তারা দায়ী করেন উদ্ধারকারী দলকেই।
তবে এই ঘটনা থেকে রাজ্যের মানুষ শিক্ষা নিয়েছে। ঘোর বিপদের দিনেও উদ্ধারকারী দলের উপর সাধারণ মানুষ কোনো আস্থা রাখতে পারবে না। বিপদ থেকে বের হওয়ার রাস্তা নিজেদেরই করতে হবে অন্যথায় মিহির লাল দেবনাথের মতো বেছে নিতে হবে মৃত্যুর পথ ।

