ডেস্ক রিপোর্টার,৮ সেপ্টেম্বর।।
অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস। তিনি দাঁড়ালেন টিবি আক্রান্ত রোগীদের পাশে। নিজের ভাতার টাকা দিয়ে মহকুমার ২৮ জন টিবি আক্রান্ত রোগীকে দিয়েছেন ফুড বাস্কেট। প্রতি মাসেই তিনি এই ২৮ জন রোগীকে দেবেন পুষ্টিকর খাদ্য।সোমবার কুমারঘাট মহকুমা হাসপাতালে টিবি রোগীদের মধ্যে ফুড বাস্কেট প্রদান করে এই সামাজিক কাজের সূচনা করেছেন তিনি।
বিধায়ক ভগবান দাস সমাজের অন্যান্য মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক মহকুমাতে কিছু সহৃদয় মানুষ টিবি আক্রান্ত রোগীদের পাশে এগিয়ে আসার জন্য। এবং রোগীদের ফুড বাস্কেট প্রদান করার জন্য।
ভগবান দাস বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিবি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সাড়া দিয়ে সমাজের মানুষরা টিবি আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে সাহায্য করলে উপকৃত হবেন রোগীরা। নিঃসন্দেহে ভগবান দাসের এই কাজ প্রশংসার যোগ্য রাখে। রাজ্যের বাদবাকি ৫৯টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা যদি ভগবান দাসের মতো টিবি রোগীদের সাহায্য করেন, তাহলে এই রাজ্যের টিবি আক্রান্ত রোগীরাও উপকৃত হবেন।

