ডেস্ক রিপোর্টার,২০ মে।
        গ্রামীণ স্তরে স্বচ্ছ ভারত অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনাকে জোরদার করতে ৬টি হাইড্রোলিক হপার বর্জ্য সংগ্রহকারী যানবাহন বিতরণ করা হয় বুধবার। বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই এবং মোহনপুর—এই ৬টি ব্লকে যানগুলি বিতরণ করা হয়। ৪ চাকার এই যানগুলি মূলত বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করা, স্থানীয় বাজার এবং আবাসিক এলাকা পরিষ্কার রাখার কাজে ব্যবহার করা হবে।
     এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন,নতুন যানবাহনে হাইড্রোলিক টিপিং সিস্টেম এর ফলে সংগৃহীত বর্জ্য অত্যন্ত দ্রুত এবং সহজে নির্দিষ্ট স্থানে খালাস বা আনলোড করা যাবে।
তাছাড়া আবর্জনা ঢাকা অবস্থায় থাকবে, যার ফলে রাস্তাঘাটে ছড়াবে না এবং এলাকা দুর্গন্ধ ও দূষণমুক্ত থাকবে।
     বুধবার জেলা শাসক ও সমাহর্তার কার্যালয় প্রাঙ্গণে এই গাড়ি বিতরণ অনুষ্ঠানটি আয়োজিত হয়। যেখানে জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *