ডেস্ক রিপোর্টার, ৭ জুন।।
শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিকে সামনে রেখে শনিবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সংগঠিত করল এসএফআই এবং টিএসইউ সদর বিভাগীয় কমিটি।শনিবার বিকেলে মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবন থেকে সংগঠনের এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে বটতলা এলাকায় এসে মিলিত হয়। সেখানে রাস্তার মোড়ে দাঁড়িয়েই আয়োজিত হয় এক প্রতিবাদ সভা। মিছিল থেকে রাজ্য ও কেন্দ্রের শিক্ষা নীতির বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয়।
ছাত্র সংগঠন দুটির মূল দাবিগুলি ছিল শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ বন্ধ করা।রাজ্যের স্কুলগুলিতে তৈরি হওয়া তীব্র শিক্ষক সংকট দূর করতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা।কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা।NEET-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় দেশজুড়ে ঘটে যাওয়া কেলেঙ্কারির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
সেইসাথে এদিন সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চার দফা দাবি অবিলম্বে পূরণ করতে হবে।আর তা না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামবে ছাত্র সমাজ।

