খোয়াই ডেস্ক, ১০ জুন।।
ভারতের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রীদের মধ্যে একাদিক্রমে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করার এক অভূতপূর্ব নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শাসনভার গ্রহণের পর টানা ৪৩৯৯ দিন পূর্ণ করে এক ঐতিহাসিক রেকর্ডের অধিকারী হয়েছেন ‘বিকশিত ভারত’-এর এই রূপকার। দেশ সেবায় টানা ১২ বছরের এই ঐতিহাসিক অধ্যায় এবং অব্যাহত সফল নেতৃত্বের এই বিশেষ ক্ষণটিকে উদযাপন করতে আজ খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একাধিক আধ্যাত্মিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় আজ কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ঘিলাতলী শ্রী শ্রী রাধা গিরিধারী ও শিব মন্দিরে এক পবিত্র মহাযজ্ঞের আয়োজন করা হয়। এই বিশেষ যজ্ঞানুষ্ঠানে শামিল হয়ে আহুতি প্রদান করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন কল্যাণপুর মণ্ডলের সভাপতি নিতাই বাল সহ দলের অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা। যজ্ঞ শেষে বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানান, দেশের সেবায় নিরলসভাবে নিবেদিত প্রধানমন্ত্রীর সুদীর্ঘ ও সুস্থ জীবনের জন্য তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। মোদীজির এই দীর্ঘ পথচলা আজ উন্নয়নের দীপশিখা হয়ে সমগ্র ভারতবর্ষকে আলোকিত করছে।
একইভাবে, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্যের ১২ বছর পূর্তি এবং দীর্ঘতম মেয়াদের রেকর্ড গড়ার এই ঐতিহাসিক দিনটিতে খোয়াই হরিমন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে বিজেপি খোয়াই মণ্ডল কমিটি। এই প্রার্থনা সভায় উপস্থিত হয়ে মোদীজির সুস্বাস্থ্য কামনা করেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস এবং মণ্ডল সভাপতি অনুকূল দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে খোয়াই জেলার ২৬-আশারামবাড়ি মণ্ডলের উদ্যোগেও পৃথক একটি কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার বড় বাগাই মহাদেব বাড়ি মন্দিরে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় মণ্ডলের কার্যকর্তাদের সাথে অংশ নেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা। সেখানে সমবেতভাবে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। সামগ্রিকভাবে আজ খোয়াই জেলার সর্বত্রই দলীয় কার্যকর্তা ও সনাতনী ধর্মাবলম্বী মানুষের মধ্যে এক বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

