ডেস্ক রিপোর্টার, ১৩ জুন।।
     রাজ্যে নারী নিরাপত্তার চরম অবনতির অভিযোগ তুলে এবার সরব হলো বামপন্থী সংগঠনগুলো। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যুবতীর রহস্যমৃত্যু এবং আনন্দনগর স্কুলের ক্লাস রুমে ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে উঠল রাজধানী আগরতলা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন পৃথকভাবে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও এবং বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিইউ।
       শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে সি আই টি ইউ রাজ্য কমিটি। বিক্ষোভ কর্মসূচি থেকে সিআইটিইউ নেতৃত্ব পাঞ্চালি ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন।তিনি অভিযোগ করেন,মেডিকেল কলেজের এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা হচ্ছে।” তিনি সাফ জানান, পুলিশকে নিরপেক্ষভাবে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আড়াল না করে শাস্তি দিতে হবে।একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,যদি অতিসত্বর এই ঘটনার সুরাহা না হয় এবং দোষীরা শাস্তি না পায়, তবে আগামী দিনে সিআইটিইউ আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
        অন্যদিকে, একই দিনে জোড়া ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলো। রাজধানীর আনন্দনগর স্কুলের ক্লাস রুমের ভেতর স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের যুবতীর রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এদিন আগরতলা শহরে যৌথ বিক্ষোভ মিছিল বের হয়।মিছিল শেষে বাম ছাত্র-যুব কর্মীরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রতিবাদে শামিল বাম ছাত্র যুবদের দাবি অবিলম্বে এই দুই ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
      পর পর ঘটে যাওয়া এই দুটি ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাম সংগঠনগুলির এই দ্বিমুখী আন্দোলনের পর প্রশাসন ও পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।যদিও মুখ্যমন্ত্রী মানিক সাহা  শান্তি নিকেতন কাণ্ডে ম্যাজিস্ট্রেট পর্যায়ের নির্দেশ দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *