ডেস্ক রিপোর্টার, ২ আগস্ট।।
বরাবর অনেকটাই প্রচারের আলোর বাইরে থাকে রাজ্যের বন দপ্তর।তবে রাজ্যের সবুজ বনকে
কেন্দ্র করে দুর্নীতি অন্তহীন।বনে বনে উড়ছে
দুর্নীতির কালো নোট।রাজ্য জুড়ে এই সংক্রান্ত
দৃষ্টান্তের অভাব নেই।
রাজ্য সরকার বার বার বলছে, রাজ্যের উন্নয়নের জন্য অর্থের কোনো অভাব নেই। উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার নিয়ম করেই অর্থ পাচ্ছে দিল্লি থেকে। তারপরও কেন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে রাজ্যের বন দপ্তরে কর্মরত বনমিত্রদের? টানা চার মাস ধরে তাদের হাতে নেই বেতন। কি করছেন রাজ্যের বন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ রাজধানীর অরণ্য ভবনের ঠান্ডা ঘরে বসে থাকা বন প্রশাসনের দণ্ডমুন্ডের কর্তারা?
রাজ্যের “বনমিত্র” কর্মীদের অভিযোগ, চলতি বছরের এপ্রিল মাস থেকে তাদের বেতন বন্ধ। বেতনের পরিমাণও বেশি নয়। মাত্র ৫১২০ টাকা। সর্বশেষ গত মার্চ মাসে তারা হাতে পেয়েছিল বেতন।
বনমিত্র কর্মীদের বক্তব্য, মাসান্তে হাতে বেতন না দিলেও তাদের নিয়মিত দাপ্তরিক ও মাঠ পর্যায়ের কাজ করতে হয়। বেতনের জন্য বারবার তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্বাভাবিক ভাবেই পরিবার নিয়ে চরম অর্থ সংকটের মধ্য দিয়ে চলতে হচ্ছে তাদের।
তথ্য অনুযায়ী,রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ক্যাবেনিট বনমিএ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।২০২১ সালে JFM ও BMC- অধীনে কেজুয়াল এনগেজমেন্ট (Casual Engegment) হিসাবে বনমিত্রদের নিয়োগ করা হয়েছিল।
চাকরির শুরুতে তাদের দৈনিক মজুরি ছিল ২১২ টাকা। কাজ ছিলো মাসে ১৫দিন। সেই হিসেব অনুযায়ী, তাদের প্রতি মাসে বেতন বাবদ প্রদান করা হতো ৩১৮০ টাকা ।পরবর্তীতে মজুরি বৃদ্ধি পেয়ে দৈনিক ২৫৬ টাকা এবং মাসে ২০ দিনের কাজের ভিত্তিতে ৫১২০ টাকা বেতন ধার্য্য করা হয়েছিলো।

দুর্ভাগ্যের হলেও সত্যি গত এপ্রিল মাস থেকে বেতন নেই মন্ত্রী অনিমেষ দেববর্মার বনমিত্রদের। কিন্তু বন মিত্রদের উদরপূর্তি না হলেও কাজে খামতি নেই। কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রক্ত চক্ষু বারবার আছড়ে পড়ছে অসহায় বনমিত্রদের উপর। থাকছে চাকরি থেকে ছাঁটাইয়ের আতঙ্ক।বনমিত্রদের নিয়মিত বিভিন্ন বনাঞ্চলে ফিল্ড ডিউটি এবং ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন অফিসে দায়িত্ব পালন করতে হচ্ছে।রাজ্যের বনমিত্রদের দাবি, দ্রুত বকেয়া বেতন প্রদান করা না হলে আগামীদিনে রাজ্যের সমস্ত জেলায় কর্মরত বনমিত্র কর্মীরা গনতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তবে এর আগে কি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা একটু চোখ ফিরিয়ে দেখবেন বেতনহীন বনমিত্রদের দিকে? রইলো এই কোটি টাকার প্রশ্ন?

