ডেস্ক রিপোর্টার, ২৭ আগস্ট।।
কেন্দ্রীয় সরকারের প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হতে চলছে। এই উপলক্ষ্যে দেশ জুড়ে এক মাস ব্যাপী পালিত হবে সেবা সংকল্প যাত্রা। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি। চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হবে সেবা সংকল্প যাত্রা।
কেন্দ্রীয় বিজেপির এই কর্মসূচিকে রাজ্যেও সফল করতে বুধবার আগরতলায় সরকারি অতিথি শালায় এক ম্যারাথন বৈঠক করে প্রদেশ বিজেপি। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন দলের সমস্ত বিধায়ক সহ প্রদেশ বিজেপির সমস্ত স্তরের নেতৃত্ব।
কেন এই বৈঠক? সংবাদ মাধ্যমের কাছে তার অনুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়।
আগামী এক মাস ব্যাপী বিজেপি এই কর্মসূচিকে সফল করতে ঝাঁপিয়ে পড়বেন দলের সমস্ত স্তরের নেতৃত্ব। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত ধাপে ধাপে চলবে এই কর্মসূচি। প্রদেশ বিজেপির কাছে এই কর্মসূচি যথেষ্ট গুরুত্ব পূর্ণ। কেন না, সেপ্টেম্বর মাসেই রাজ্যের পাহাড়ে ভিসি নির্বাচন হওয়ার কথা। নভেম্বর – ডিসেম্বরে পুর ভোট। তাই এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে সাংগঠনিক ভাবে সর্ব শক্তি প্রয়োগ করবে বিজেপি।

